কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোলপাশা ইউনিয়নের পূর্ব ধনুসাড়া গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন নিহতের তথ্যটি নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাসসুম।

জানা যায়, সোমবার (০৩ই জানুয়ারী) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া পূর্বপাড়ায় নিহতের বসতঘরের পাশ্ববর্তী টয়লেটে লাশটি পাওয়া যায়। নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন জানান, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। এসময় আমার স্ত্রী নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখি। আমার বাড়িতে আমরা ২জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পাশ^বর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। তাৎক্ষনিক আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘর থেকে শাবল নিয়ে টয়লেটের টাংকির স্লাব উপরে তুলে আমার স্ত্রীর পোশাক বিহীন নিথর দেহ দেখতে পাই। পরে পুলিশ এসে টয়লেট থেকে লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে পল্লী চিকিৎসক মাছুম বিল্লাহ ওয়াহেদ জানান, আমরা পুরাতন বাড়িতে থাকি। নতুনবাড়িতে শুধুমাত্র আমার পিতা-মাতা থাকে। কি কারণে কে বা কাহারা আমার মাকে হত্যা করেছে তা আমার জানা নাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। নিহতের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পি.বি.আই তদন্তদল কাজ করছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।