কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২২, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য (হেট স্পিচ) গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনা ভারতে অবস্থান করে নিয়মিত হেট স্পিচ দিচ্ছেন। তিনি হুমকি-ধামকি দিয়ে সাক্ষীদের ভয় দেখানোর চেষ্টা করছেন এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন।”

তাজুল ইসলাম আরও বলেন, “ট্রাইব্যুনাল ইতোমধ্যেই আদেশ দিয়েছে শেখ হাসিনার হেট স্পিচ প্রচার না করার জন্য। কিন্তু কিছু গণমাধ্যমে এখনও তা প্রচার হতে দেখা যাচ্ছে। এ ধরনের বক্তব্য প্রচার বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলার চেষ্টা। আমরা আহ্বান জানাই, তার এই বক্তব্যগুলো আর প্রচার করা হবে না। যদি এটি বন্ধ না হয়, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হবো।”

এছাড়াও, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার আরেকটি ঘটনায়, সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল।