কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৮, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। আলোচনার বিষয় ছিল অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “সমাজে বৈষম্য থাকায় আন্দোলনের সৃষ্টি হয়েছে। নীতি পরিবর্তনের মাধ্যমে এই বৈষম্য দূর করা সম্ভব।”

করের বিষয়ে তিনি আরও বলেন, “প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুটোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি জরুরি হলো এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।”

অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ডিসেম্বরে কিছু ব্যাংকের অনৈতিকভাবে মুনাফা অর্জনের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, একই অনুষ্ঠানে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, “আমরা বিস্মিত হয়েছি যে কীভাবে ভ্যাট বাড়ানোর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর আদায়ে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের দিকে যেতে হয়। অথচ আমরা প্রত্যক্ষ কর সংগ্রহে কোনো পরিকল্পনার চিহ্ন দেখছি না। যারা কর দেয় না, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অস্পষ্ট। এটি আমাদের উদ্বিগ্ন করেছে। পাশাপাশি আগামী গ্রীষ্মে জ্বালানি পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।”

রেকর্ড পরিমাণ আমন উৎপাদন সত্ত্বেও সংগ্রহ অভিযানে সাফল্যের অভাবের বিষয়টি উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “সংগ্রহ অভিযানে দুর্নীতি আগেও ছিল, এখনও রয়েছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।”

তিনি আরও বলেন, “এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সুষম, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো ও সংস্কার প্রয়োজন, তার কোনো সুস্পষ্ট রূপরেখা আমরা দেখতে পাইনি।”