কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে আহতদের ১০০ জন পুলিশে চাকরি পাচ্ছেন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৭, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রথম পর্যায়ে পুলিশের বিভিন্ন ইউনিটে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আহত ও নিহত হয়েছেন। যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রাথমিকভাবে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেব। পরবর্তী সময়ে এ সংখ্যা আরও বাড়ানো হবে।”

তিনি আরও জানান, “আমরা আপাতত পুলিশ বিভাগে এই প্রক্রিয়া শুরু করছি। ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্যান্য বিভাগের চাকরিতেও এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”

এছাড়া, এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নিয়োগের প্রস্তাবনা পেশ করা হয়েছে বলে জানান তিনি। ইতোমধ্যে ৪০০ শিক্ষার্থী এই ডিউটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা দিনে তিন থেকে চার ঘণ্টা ট্রাফিক ডিউটি করবেন।

উপদেষ্টা আরও জানান, ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। পরিকল্পনা ছিল ৫০০ জন অবসরপ্রাপ্ত সদস্যকে এই ডিউটিতে নিয়োগ দেওয়া। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৫০ জন এতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ উদ্যোগের মাধ্যমে আহত ও অবসরপ্রাপ্তদের পুনর্বাসন এবং সমাজে কার্যকরভাবে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান উপদেষ্টা।