ডেস্ক রিপোর্ট:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
এ সময় ফরিদা আখতার বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক স্থানে কাজও ফেলে রাখা হয়েছে। এসবের তদন্ত হবে।” তিনি আরও বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে।
উপদেষ্টা আরও বলেন, “সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম (আশ্রয় কেন্দ্র) তৈরির পরিকল্পনা নিয়েছে। এছাড়া, বন্যার সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে।” তিনি আরও জানান, সাভারে ২০২৩ সালে নির্মিত গবাদিপশুর খাবারের কারখানা শিগগিরই চালু হবে।












