কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন: পূজা চেরি

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চিত্রনায়িকা পূজা চেরি এবার চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে নতুন দুনিয়ায় পা রাখলেন। রায়হান রাফীর আসন্ন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার। তবে সিরিজটি মুক্তির আগেই পূজার উপস্থিতি দর্শকের মনোযোগ কেড়েছে।

পূজার এই নতুন যাত্রার সম্পূর্ণ রূপ দেখতে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’। এর আগে, গত শনিবার রাতে সিরিজটির আইটেম গান ‘প্রেমের দোকানদার’ প্রকাশিত হয়। গানটি প্রকাশের পরই দর্শকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে যায়।

‘আমি হেইলা দুইলা নাচবো যখন খাবে তুমি ঝাটকা’ কথায় প্রায় চার মিনিটের এই গানে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা। গানটি মুক্তির পর পূজার পারফরম্যান্স নেটমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা ‘ব্ল্যাক মানি’ এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। পূজা বলেন, “সব মাধ্যমেই কাজ করেছি, ওয়েব সিরিজ ছিল বাকি। অনেকদিন ধরে প্রস্তাব আসছিল, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করিনি। এবার গল্পটা ভালো লাগায় কাজ করেছি।”

‘প্রেমের দোকানদার’ গানটি নিয়ে পূজা বলেন, “গানটি থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শক আমার কাজের প্রশংসা করছেন। এই গানে নেচে আমিও খুব আনন্দ পেয়েছি।”

প্রেম নিয়ে নিজের ভাবনার কথাও তুলে ধরেন পূজা। তিনি বলেন, “আমি সবসময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন অর্থহীন। তবে এখন বুঝতে পেরেছি প্রেম কাজের কিছুটা ক্ষতি করতে পারে। তাই আপাতত কাজেই মনোযোগ দিচ্ছি। কারও সঙ্গে প্রেম করছি না, তবে প্রেমের অনুভূতিটা ঠিকই রয়ে গেছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পূজা বলেন, “আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজের একটি শক্ত অবস্থান তৈরি করতে চাই। আমি বিশ্বাস করি, কেউ কারও জায়গা নিতে পারে না।”