কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৩০, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিদেশি সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘প্রাইভেট সেক্টর আউটলুক: প্রত্যাশা ও অগ্রাধিকার’ শীর্ষক বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম-দুর্নীতি ২-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে টাকা পাচার রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি উন্নতি করেনি। এছাড়া জ্বালানি সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, যা ব্যবসার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নীতিমালায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক খাতকে ঢেলে সাজাতে হবে।

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আখতার বলেন, বাংলাদেশের জন্য এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া কতটা প্রয়োজনীয় এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব কি না, তা এখনই গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।

বাণিজ্য সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রমুখ।