কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতালিকে কাঁদিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

প্রতিবেদক
Cumilla Press
জুন ৩০, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

১৯৯৩ সালের পর আর ইতালিকে হারাতে পারেনি সুইজারল্যান্ড। এমন তথ্য অতীত, গতকাল (শনিবার) রাতেই ৩১ বছর পর ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে সুইসরা। ইতালিয়ানদের বিদায় করে ২-০ গোলের জয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে গেল।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইতালি-সুইজারল্যান্ডের ম্যাচ যে উত্তাপ ছড়াবে সেটা জানা কথা। তবে সেই ম্যাচ ইতালিয়ানদের চোখের জ্বলে ভাসবে, এমন ধারণা করা একটু কঠিনই মনে হয়েছিল হয়তো। যা সম্ভব করেছে সুইজার‌ল্যান্ড। শুরু থেকেই দারুণ উজ্জ্বীবিত ‍দলটির সঙ্গে ইতালির সমান লড়াই ছিল। কিন্তু একটি করে গোল আদায়ে সফল সুইস তারকা রেমো ফ্রয়লার ও রুবেন ভার্গাস।

ম্যাচের প্রথম বড় সুযোগটা পায় সুইসরা। একের পর এক আক্রমণের পর ২৪তম মিনিটে সুযোগ পেলেও জিয়ানলুইজি দোন্নারুমার বাধায় সেটি কাজে লাগাতে ব্যর্থ ব্রিল এমবোলো। ইতালিয়ান গোলরক্ষককে আবারও পরীক্ষায় পড়তে হয় ৩৭তম মিনিটে। ভার্গাসের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে ভলি করেন মিডফিল্ডার ফ্রয়লার, যা দোন্নারুমার পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে নেমে এক মিনিট না গড়াতেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। আগের গোলে যোগান দেওয়া ভার্গাস সতীর্থের পাস বক্সে পেয়ে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন। পুরো ম্যাচে গোলের লক্ষ্যে একটি মাত্র শট নিতে পারে ইতালি, তবে ৭৩তম মিনিটে মাতেও রেতেগির নেওয়া সেই শট ঠেকিয়ে তাদের হতাশায় ডোবান সুইস গোলরক্ষক ইয়ান সমার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলে টানা দ্বিতীয়বার ইউরোর শেষ আটে উঠল সুইজারল্যান্ড।