ভাতের টিফিন ক্যারিয়ারে উপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। তার নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে উপরে ভাতের আবরণ দেওয়া। প্রথম দেখায় যে কেউ ভাববেন, কারো জন্যও রান্না করে গরম ভাত মাংস নেওয়া হচ্ছে। তবে, এসব খাবারের নিচে গাঁজা লুকানো সেটা কোনভাবেই বুঝার উপায় নেই। তাও আবার এই গাঁজা ভর্তি টিফিন ক্যারিয়ার বহন করছিল এক নারী।
বৃহস্পতিবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা টিফিন ক্যারিয়ার ও ব্যাগ তল্লাশি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘ভাত মাংসের টিফিন ক্যারিয়ারে করে গাঁজা পাচার করার সময় আটক ওই নারী নাম হেলেনা বেগম। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী এলাকায়। ওই নারীর কাছে থাকা টিফিন ক্যারিয়ারে ভাতের নিচে ৩ কেজি ও আরেকটি ব্যাগে থাকা আরও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপপরিচালক ইমরুল হাসান চৌধুরী জানানন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক হেলেনা বেগম একজন মাদক ব্যবসায়ী। তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনায় সরবরাহ করতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জানিয়েছে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে।












