জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে শুক্রবার রাতে বিক্ষোভ করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
সংসদের প্রশ্নোত্তর পর্বে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিমাসে গড়ে হত্যাকাণ্ড হয়েছে ২৬০টি, আর বর্তমান সরকারের সময়ে হয়েছে ৩১১টি। অন্তর্বর্তী সরকারের সময় ছয় মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮০ জন এবং বর্তমান সরকারের সময়ে ছয় মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮৯ জন।
ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক জেলা, সেখানে গান-বাজনা ও সিনেমাসিনেমা বন্ধের মতোই।
হাসনাত আব্দুল্লাহ আরও প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছেন কি না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখতে পেরেছেন কি না এবং এই ছয় মাসে তিনি ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন কি না।
এ বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তারা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানায়।
এর মধ্যে আজ শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংগঠনিক সমন্বয় সভার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে, একই স্থানে বিকেল ৩টায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ সংসদে যে ‘মিথ্যাচার’ করেছেন, তার জন্য তাকে লাইভে এসে, পরবর্তী সংসদ অধিবেশনে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি বক্তব্য প্রত্যাহার করতে হবে।’
তাদের এসব দাবি মানা হয়নি জানিয়ে বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। এ কর্মসূচি সফল করতে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপ্রিয় মানুষদের আহ্বানও জানান তিনি।
তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ জানান, শিল্পকলা একাডেমিতে কোনো কর্মসূচি হবে না। তিনি বলেন, ‘এনসিপি একটি অনুষ্ঠানের জন্য আবেদন করেছিল। কিন্তু অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক নয়। তাই ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদও কোনো আবেদন করেনি। পরবর্তী সময়ে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।












