ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি হাসপাতালে নেয়ার পর মারা যায়।
সোমবার (১২ অক্টোবর) ভোরে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি-৩৯ পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলিবর্ষণ করা হয়। তবে হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবি জানায়, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।












