২০২৬ বিশ্বকাপের ফাইনাল ও আরও সাতটি ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের নিউইয়র্ক থেকে ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত দ্রুত যাওয়া-আসার ট্রেন ভাড়ার জন্য ১৫০ ডলার (১৮,৪৭৩ টাকা) গুনতে হবে, যা স্বাভাবিক ভাড়ার ১০ গুণেরও বেশি। শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানালে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক থেকে নিউ জার্সির স্পোর্টস কমপ্লেক্সে ৩৬ মাইল (৫৬ কিমি) যাওয়া-আসার সাধারণ ভাড়া মাত্র ১২.৯০ ডলার (প্রায় ১,৫৮৯ টাকা)।
নিউজার্সি ট্রানজিটের (এনযে ট্রানজিট) প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কল্লুরি বলেন, ‘আমরা আমাদের সিস্টেমে রাউন্ড-ট্রিপ টিকিটের জন্য ১৫০ ডলার নেব। অর্থাৎ নিউইয়র্ক থেকে মেটলাইফ, তারপর আবার মেটলাইফ থেকে নিউইয়র্ক।’
স্টেডিয়ামে আটটি ম্যাচের জন্য মাত্র ৪০ হাজার ট্রেন টিকিট পাওয়া যাবে। এই ভেন্যু সাধারণত নিউইয়র্ক জেটস এবং নিউইয়র্ক জায়ান্টসের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়। তবে গাড়িতে গেলে খরচ আরও বেশি। সীমিত পার্কিং সুবিধার জন্য ২২৫ ডলার দিতে হবে। প্রতিবন্ধী সমর্থকদের জন্য স্টেডিয়ামে এবং অন্যদের জন্য পাশের শপিং মলে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
নিউইয়র্কের বাসিন্দা গাই ডিজন বলেন, ‘এটা লজ্জাজনক এবং অপমানজনক। সমর্থকদের অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে।’
মিকি শেরিল বলেন, ফিফা বিশ্বকাপ সমর্থকদের পরিবহনে এক ডলারও দেয়নি। তিনি আরও দাবি করেন, আগের নিউ জার্সি প্রশাসনের সঙ্গে ফিফার চুক্তির ফলে স্টেডিয়ামের পার্কিং প্রায় বাতিল হয়ে গেছে, ফলে স্বাভাবিকের চার গুণ বেশি দর্শককে রেলপথে পরিবহন করতে হবে।
তার ভাষায়, ‘এই চুক্তিতে এনজে ট্রানজিটের অন্তত ৪৮ মিলিয়ন ডলার খরচ হবে, আর ফিফা বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার আয় করবে।’
ফিফার বিশ্বকাপ প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘এভাবে একতরফাভাবে বাড়তি দাম নির্ধারণ করে ফিফার ওপর চাপিয়ে দেওয়া নজিরবিহীন।’
তিনি আরও বলেন, ১১ বিলিয়ন ডলার হচ্ছে রাজস্ব, লাভ নয়, এবং ফিফা সবসময় অলাভজনক প্রতিষ্ঠান। ফরাসি সমর্থক সংগঠন ইরেসিস্ট্যাবল ফ্র্যাঞ্চাইজ এই মূল্যকে ‘সম্পূর্ণ পাগলামি’ বলে উল্লেখ করেছে।
সংগঠনের মুখপাত্র গুইলামে আপ্রেত্রে বলেন, ‘প্রতিদিনই পরিবহন নিয়ে খারাপ খবর আসছে। এই উন্মাদনা কোথায় গিয়ে থামবে ভাবতে হচ্ছে।’
ক্যাথি হকালও সমালোচনা করে বলেন, ‘অল্প দূরত্বের ট্রেন ভাড়ার জন্য ১০০ ডলারের বেশি নেওয়া খুবই বেশি মনে হচ্ছে।’
ইংল্যান্ডের ফুটবল সাপোর্টাস অ্যাসোসিয়েশন প্রধান থমাস কনক্যানন বলেন, ‘এ পর্যন্ত এই টুর্নামেন্ট নিয়ে যা বের হচ্ছে, সবই সমর্থকদের ঠকানোর গল্প।’
তিনি যোগ করেন, ‘ম্যাচে যেতে এত অস্বাভাবিক দাম দিতে হবে, এটা আমরা ভাবিনি। আমাদের ঠকানো হচ্ছে।’


.












