রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় একটি ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।












