কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। চার দিনেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চৌদ্দগ্রামের কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুগিরকান্দি গ্রামের বাসিন্দা মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর তারা আর বাড়ি ফেরেনি।
রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বেড়েছে।
মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
নিখোঁজ দুই কিশোরীর সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করা হয়েছে।












