কুমিল্লাবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজায় হামলার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৭, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মরক্কোর রাজধানী রাবাতসহ বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন। ইসরায়েলি বাহিনীর গাজা উপত্যকায় চলমান ভয়াবহ হামলা ও ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংসতার প্রতিবাদে তারা রাস্তায় নেমে আসেন। এছাড়া, গত ১৮ মাস ধরে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক মাসের মধ্যে মরক্কোতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। রোববার (৬ এপ্রিল) রাজধানী রাবাতের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পুড়িয়ে দেন এবং পদদলিত করেন। এ সময় তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ছবি সম্বলিত ব্যানার বহন করেন। এছাড়া, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির পাশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছবি যুক্ত করে বিক্ষোভের পোস্টারও দেখা যায়।

এর আগে, ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘটের মাধ্যমে গাজায় নিহতদের সংখ্যা ও ভয়াবহ পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। এক বিবৃতিতে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চালানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি দাবি করা হয়।

এদিকে, গাজায় ইসরায়েলের গণহত্যা ও ট্রাম্প-বাইডেন প্রশাসনের আমলে বাকস্বাধীনতা দমনের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানির নিন্দা জানান। এছাড়া, ইসরায়েলকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের দাবি তোলা হয়।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় খান ইউনিসে চালানো হামলায় শিশু ও নারীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হচ্ছে। খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে—এক মাস ধরে কোনো সাহায্য ট্রাক গাজায় প্রবেশ করতে পারেনি। ফলে, খাবার, জ্বালানি, রান্নার গ্যাস, ওষুধ এবং আশ্রয়শিবিরের অভাব প্রকট হয়ে উঠেছে।

গতকাল ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের রকেট হামলার জবাবে এই হামলা চালায় ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন।