খুলনা নগরীর ফুলবাড়ীগেট এলাকায় প্রায় তিন ঘণ্টার ব্যবধানে পৃথক ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে ও সকাল ৯টার দিকে ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম ও বৃদ্ধ জয়নাল আবেদীন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনা আসছিল চিত্রা এক্সপ্রেস। ট্রেনটি ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছালে এর ধাক্কায় সিয়ামের মৃত্যু হয়। এরপর সকাল ৯টার দিকে প্রথম ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকটি ঘটনা ঘটে। সেখানে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মারা যান জয়নাল আবেদীন।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক এস এম রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তার মরদেহও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












