কুমিল্লাশুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শ্যামলীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৬, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজনের নাম মুক্তা। তার বয়স আনুমানিক ২০ বছর। অপরজন নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে মাথার খুলি ভাঙা অবস্থায় মৃতপ্রায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। 

পরে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নারী মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই নারী ফুটপাতেই থাকতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাক চলাচলের সময় তারা ট্রাকটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকের চাপায় পিষ্ট হন।

পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।