গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই আজিজুল মিয়া (৫৪)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মিয়ার মৃত্যু হয়।
অভিযুক্ত বড় ভাইয়ের নাম জসিজল হক ওরফে ডিপটি। তারা আপন ভাই। বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসবপুর গ্রামে তাদের বাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (১৪ অক্টোবর) জসিজল সীমানা ঘেঁষে একটি পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। ওই দিন দুপুর ১টার দিকে ছোট ভাই আজিজুল সীমানা নিয়ে আপত্তি জানালে দুজনের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আজিজুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এখনো রংপুরে রয়েছে, সেখানেই ময়নাতদন্ত হবে। পুলিশ হত্যায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে এবং ঘটনাটি তদন্ত করছে। এজাহার পেলে মামলা গ্রহণ করা হবে।












