নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাতে এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দাম নামের এক ব্যবসায়ীর কাছে স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই বাবদ সাদ্দামের কাছে প্রায় ১০ লাখ টাকা বকেয়া পাওনা ছিল। সোমবার রাতে জজ মিয়া তাঁর মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে পাওনা টাকা চাইতে সাদ্দামের কাছে যান।
সেখানে পাওনা পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি ও ধারালো অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ধারালো অস্ত্রের কোপে মাকসুদা বেগম ও তার ছেলে রাসেল মারাত্মকভাবে জখম হন। সংঘর্ষে অপর পক্ষের সাদ্দামও রক্তাক্ত হন।











