যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেএফকে বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’
বিবৃতিতে এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরও দলটির সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার লক্ষণও নেই।
দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম-খুনে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করা প্রয়োজন।’
জাতির সংকটকালে দেশ পরিচালনা ও গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা রাখা অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিরোধীদলীয় এই চিফ হুইপ।












