বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ছয় ঘণ্টা রাজধানীর দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।












