কুমিল্লাসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরবাসীর সেবা আধুনিকায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের ‘আমার কুমিল্লা’ অ্যাপ উদ্বোধন

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিকায়নের লক্ষ্যে ‘আমার কুমিল্লা’ নামে একটি নতুন অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত কর্তৃপক্ষের নজরে আনা এবং সেবাদানের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে এ অ্যাপ চালু করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে ‘আমার কুমিল্লা’ অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারবেন। এর ফলে নগরীর বিভিন্ন সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

এছাড়া নাগরিকদের অভিযোগ ও সমস্যাগুলো প্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ফলে সেবাদানের প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে কুমিল্লা নগরীর নাগরিকসেবা আরও সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। পাশাপাশি নগরবাসী ও সিটি কর্পোরেশনের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে।