ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচাতো ভাই।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোরে উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।












