কুমিল্লাশুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দি থানার দরজা ভেঙে পালানো ২২ আসামির মধ্যে কয়েকজন আটক

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দি থানার পুরোনো ভবনের আসবাবপত্র ও দরজা ভেঙে পালিয়ে যাওয়া ২২ আসামির মধ্যে কয়েকজনকে পুনরায় আটক করেছে পুলিশ। বুধবার রাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আসামিদের মধ্যে ২২ জন থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

তিনি জানান, কিশোর হওয়ায় আটক ব্যক্তিদের হাজতখানায় না রেখে থানার একটি পুরোনো ও পরিত্যক্ত কক্ষে রাখা হয়েছিল। ওই ভবনটি নির্মাণাধীন থাকায় সেখানে নিরাপত্তাব্যবস্থাও তুলনামূলক কম ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার সময় প্রায় ২০০ থেকে ৩০০ লোক ওই ভবনে ঢুকে পড়লে আটক কিশোরদের কয়েকজন বের হয়ে যায়। পরে তারা দরজা ও আসবাবপত্র ভেঙে থানা থেকে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ২২ জনের মধ্যে রাতেই কয়েকজনকে পুনরায় আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকিদেরও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি যারা দরজা-আসবাবপত্র ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

এর আগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে আটক করে থানায় আনা হয়েছিল। তাদের মধ্যে ২২ জন থানা থেকে বেরিয়ে যাওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।