চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরীর কোর্টবিল্ডিং এলাকায় পরিচালিত এক অভিযানে তাদের আটক করে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
আটকরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিস উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি ত্রুটিমুক্ত অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য ওই কার্যালয়ে দাখিল করেন। তবে রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদন না করে সাব-রেজিস্ট্রার ও হেড ক্লার্ক তা আটকে রাখেন এবং চুক্তিপত্র দুটি হস্তান্তরের বিনিময়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরবর্তীতে ভুক্তভোগী আইনজীবী বিষয়টি জানিয়ে দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ জানান এবং চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে লিখিত আবেদন করেন। এই অভিযোগের সতত্য যাচাই করে দুদক একটি ফাঁদ প্রস্তুত করে। মঙ্গলবার অভিযান পরিচালনাকালে দাবিকৃত ঘুষের টাকা গ্রহণ করার মুহূর্তে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে












