চাঁদপুর লঞ্চঘাটে দুই কেজি গাঁজাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে; যারা কুমিল্লা থেকে এসব সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে ভাষ্য নৌ পুলিশের।
শুক্রবার বিকালে লঞ্চঘাট এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ থানার ওসি মোহাম্মদ আজমগীর হোসাইন।
আটকরা হলেন- কুমিল্লার মিশ্রি গ্রামের প্রয়াত বিল্লাল হোসেনের স্ত্রী রাহিমা বেগম (৫০) ও তার ছেলে আব্দুল করিম (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাচ্ছিলেন তারা।
পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্য এবং প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জব্দ করা গাঁজার উৎস, সরবরাহকারী ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।
সেইসঙ্গে মাদক চালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র বা সিন্ডিকেট জড়িত রয়েছে কি-না, সে বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আজমগীর হোসাইন বলেন, নৌ পুলিশ মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।









