কুমিল্লাশনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক দরপতনের ধাক্কা সামলে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার স্বর্ণের বাজারে কিছুটা নেতিবাচক ধারা দেখা গেলেও এদিন তা ঘুরে দাঁড়িয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৫ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৬ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা  বলেন, ‘সামান্য দরপতনের পর স্বর্ণের দাম দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। মূল্যস্ফীতির তথ্য আগামী সপ্তাহে ফেডের সুদের হার বাড়ানোর বিষয়টি আরও স্পষ্ট করে তুলছে। বাজার আগেই ৭০ শতাংশ সুদের হার বাড়ার বিষয়টিকে নিশ্চিত ধরে নেয়ায় বাজারে অস্থিরতা কিছুটা কম।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৬ ডলারে উঠেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৩ দশমিক ৯৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৮ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।