কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিলের দেওয়া তথ্য মতে, স্থানীয়রা সোমবার (৩১ আগস্ট) রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।
সারা রাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। দুপুর আড়াইটায় কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলী মিয়া জানান, আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানায়, হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষণিকভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










