আমেরিকান ডলার দেওয়ার কথা বলে বিভিন্ন স্থান থেকে লোকজনকে ঠাকুরগাঁওয়ে ডেকে এনে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩১ আগস্টো) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর হাটপুকুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার ফরিদুজ্জামান (১৯)।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি প্লাস্টিকের লাগেজ উদ্ধার করা হয়েছে। ওই লাগেজের ভেতর ৫০টি এক ডলারের মার্কিন নোট ও পাঁচ ডলার মূল্যমানের দুটি নোট পাওয়া যায়। এ ছাড়া একটি হাতকড়া, একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ঘটনায় ১১টি এক ডলারের মার্কিন নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেটসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপ্রতিপুর এলাকার শাহ আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল নার্গিস মিয়ার। একপর্যায়ে শাহ আলমকে ভিডিও কলে আমেরিকান ডলারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মুদ্রা কম দামে দেওয়ার প্রলোভন দেখানো হয়।
প্রলোভনে পড়ে গত ২৭ আগস্ট ডলার কিনতে ঠাকুরগাঁওয়ের মিলনপুর এলাকায় যান শাহ আলম। সেখানে যাওয়ার পর তাঁকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। পরে ডিবি পুলিশের জ্যাকেট ও হাতকড়া দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে নগদ দুই লাখ টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ডলারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার মানুষকে ঠাকুরগাঁওয়ে ডেকে এনে প্রতারণা করে আসছিল। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












