কুমিল্লাসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যা, ৩ আসামি রিমান্ডে

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ৩১, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শেরেবাংলা নগরে অটোরিকশা থেকে ফেলে বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনকে (৫৬) হত্যার মামলায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন— মো. পনি ওরফে প্যারা পনি (২৮), সেড্রিক জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালতে আসামি পনির পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন।

lরাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

গত ২৯ আগস্ট ভোরে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অটোরিকশায় করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তিনি।

ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটসংলগ্ন সড়কে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেন। এতে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিলা পারভীন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

মামলার পর রোববার র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করে। র‍্যাবের দাবি, তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং ঘটনায় ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি তেজগাঁও থানার পশ্চিম আরজতপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।