কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সময় নিয়ে গোছানো বিপিএল চান ইশতিয়াক সাদেক

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৬ সালের আসর আয়োজন না করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেকের মতে, তাড়াহুড়ো করে আয়োজনের চেয়ে কিছুটা সময় নিয়ে আরও পরিকল্পিত ও টেকসই কাঠামোয় বিপিএল ফেরানোই ভালো।

শনিবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে বিপিএলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ইশতিয়াক সাদেক। রংপুরের এই কর্মকর্তা জানান, বিপিএলকে নতুনভাবে সাজানোর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, ‘বিসিবি একটা ছোট ব্রেক নিয়েছে যেন পুরো টুর্নামেন্টটা আরও সুন্দরভাবে, আরও সাসটেইনেবল মডেলে করা যায়। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।আমরা যে তিনটা ফ্র্যাঞ্চাইজি ছিলাম, রাজশাহীর একটা শব্দ আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হলো সংস্কার। বিপিএলটার সংস্কার প্রয়োজন।’

বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোকে একসঙ্গে কাজ করার ওপরও জোর দিয়েছেন ইশতিয়াক।

তিনি বলেন, ‘আমরা গত ১০ বছর ধরে আছি, কিন্তু আমাদের কোনো কনস্ট্রাকটিভ আইডিয়া নেই, সাসটেইনেবল কোনো মডেল নেই। এই মডেলগুলোকে যদি আমরা দুই পক্ষ, বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো একসঙ্গে ডেভেলপ করতে পারি, দীর্ঘ মেয়াদে বিপিএলের জন্য অনেক ভালো হবে।’

এবারের আসর না হওয়াকে সামনে রেখে ভবিষ্যতে নির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি সূচির দাবি জানিয়েছে রংপুর। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আগেভাগে চুক্তি করতে হলে অন্তত পাঁচ বছরের একটি ক্যালেন্ডার প্রয়োজন বলে মনে করেন ইশতিয়াক।

তিনি বলেন, ‘সূচি থেকে শুরু করে মডেলটা কেমন হবে, কোন সময়ে হবে, পরবর্তীতে যখনই বিপিএল হবে, সেখান থেকে একটা ৫ বছরের ক্যালেন্ডার আমরা চেয়েছি। কারণ আমরা যখন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে যাই, আন্তর্জাতিক বাজারে ন্যূনতম ২০টা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলে। এখানে আমাদের বিপিএল সবচেয়ে কম গুরুত্ব পায়, যখন টপ ক্লাস ক্রিকেটার আনতে চাই। এই জায়গায় আমরা সূচিটা ৫ বছরের জন্য দেওয়ার কথা বলেছি।’

রংপুরের প্রধান নির্বাহীর মতে, নির্দিষ্ট সূচি থাকলে ফ্র্যাঞ্চাইজিগুলোও অনেক আগে থেকে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে বিপিএলের জন্য মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার পাওয়ার সম্ভাবনাও বাড়বে।

এবারের বিপিএল না হওয়া নিয়ে ইশতিয়াকের মত, অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে ভালো পরিকল্পনা নিয়ে পরবর্তী আসর আয়োজন করাই উত্তম।

তিনি বলেন, ‘একটা নামকাওয়াস্তে বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম যে ৩০ লাখ টাকা দেব। কিন্তু ক্রিকেটারকে আমি শেষের ১৫ লাখ টাকা দিচ্ছি না, ফোন ধরছি না, হারিয়ে যাচ্ছি। এর থেকে বরং একটু সময় নিয়ে ভালো কোনো একটা মডেলে করাটাই উত্তম।’