কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মিছিল করার প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. সাজ্জাদ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়। মিছিল করার প্রস্তুতির সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের মিছিল, সমাবেশ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।