কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত সংঘবদ্ধ মহিলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২২ ক্যারেটের একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দীর্ঘভূমি এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই সময় মোছা. সেলিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় থাকা ২২ ক্যারেটের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নিয়ে যায় চক্রের সদস্য শামসুন্নাহার (৪০)। চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মো. তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় এজাহার দায়ের করলে থানার মামলা নং-২২ (০৮) ২০২৬, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা করা হয়।
মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে শামসুন্নাহার (৪০), মর্জিনা বেগম (৩০), ফুল চাঁন বিবি (৩৩), সাজারা বেগম (২২) ও অজুফা বেগম (২৫)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে শামসুন্নাহার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে ও মারুফের স্ত্রী। মর্জিনা বেগম একই এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে ও মোশাররফ হোসেনের স্ত্রী। ফুল চাঁন বিবি আব্দুস সাত্তারের মেয়ে ও মোবারক মিয়ার স্ত্রী। সাজারা বেগম আতর আলীর মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী। অজুফা বেগম ময়দর আলীর মেয়ে ও শরিফের স্ত্রী। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকায়।
পুলিশের নারী সদস্যের মাধ্যমে তল্লাশি চালানোর সময় শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পাঁচ নারীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। শামসুন্নাহারের বিরুদ্ধে ঢাকার সাভার থানায় একটি মামলা, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায় তিনটি মামলা, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায় একটি মামলা, সাজারা বেগমের বিরুদ্ধে কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় একটি মামলা এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার পাঁচ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।












