কুমিল্লারবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৫ নারী আইনজীবীসহ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৬, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে ৫ নারী আইনজীবীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

শনিবার নগরের ডবলমুরিং থানা-পুলিশ তাদের ডবলমুরিং এলাকার একটি বাসা থেকে আটক করেছিল। ডবলমুরিং থানার ওসি শাহীনূর আলম বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

অভিযুক্তরা হলেন—চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, অ্যাডভোকেট মো. ইস্কান্দার মির্জা, অ্যাডভোকেট শুভ আইচ, অ্যাডভোকেট কামেলা খানম রুপা, অ্যাডভোকেট সুজলা অন্তরা, অ্যাডভোকেট শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির।

পুলিশ জানায়, শনিবার ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্ট নামের ভবনের পঞ্চম তলায় সন্ধ্যার সময় অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সদস্য ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য জড়ো হন। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এ সংক্রান্তে ডবলমুরিং থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।