কুমিল্লাবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে হামলায় যুবকের প্রাণহানি

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৪, ২০২৬ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কদমতলীতে পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত রাসেলের মা মাকসুদা বেগম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ রসূলপুর এলাকায়। রাসেলের বাবার নাম আব্দুল মালেক। রাসেল রডের কারখানায় কাজ করতেন।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে পায়ে হেটে বাসায় ফিরছিলেন। তখন মো. হানিফসহ (৩০) আরও ২-৩ জন মিলে রড ও কাঠ দিয়ে রাসেলকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাসেলকে গুরুতর আহত করে নদীর পাড়ে রেখে যায় তারা। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে রাসেলকে দেখতে পান। এরপর তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে, সেখানে নেয়ার পর চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হানিফ এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দীর্ঘদিন আগে হানিফের মাদক ব্যবসায় বাধা দিয়েছিল রাসেল। এরপর থেকে হানিফের সঙ্গে তার বিরোধ চলে। এর জেরে ঘটনার দিন তারা রাসেলকে মারধর করে নদীর পাড়ে ফেলে রাখে।

কদমতলি থানার উপ পরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার মারধরের শিকার হয় রাসেল। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গত রাতে ঢাকা মেডিকেলে মারা যায় সে। মৃত্যুর আগে নিহত রাসেলের মা আসামিদের নামে একটি এজাহার দয়ের করেন। সেটা এখন হত্যা মামলায় রুপান্তর হবে।

তিনি আরও জানান, জানতে পেরেছি মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। আসামি আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।