কুমিল্লাশনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুশ তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের বিশেষ ছাড় দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ১১ এপ্রিল এ সংক্রান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়, যা আগামী ৯ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে ১২ মার্চ যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সেখান থেকে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়ার দিকে ঝুঁকেছে বাংলাদেশ। তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় সরকার। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়।

চিঠিতে জ্বালানি বিভাগের পক্ষ থেকে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে দ্রুত সরবরাহ সক্ষমতার কারণে রাশিয়াকে সম্ভাব্য নির্ভরযোগ্য উৎস হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে, ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন, যেখানে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এর আগে ওয়াশিংটনে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠকেও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে দেশের জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হচ্ছে।