কুমিল্লামঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়ও মিলছে না তেল

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৭, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জ্বালানি তেলের সংকট ঘিরে রাজধানীতে ভোগান্তি চরমে পৌঁছেছে। সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না চালকরা।

শুক্রবার রাজধানীর পরীবাগ, আগারগাঁও ও আসাদগেটসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, পেট্রল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও এই সারি আশপাশের সড়ক ও অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি করছে।

চালকদের অভিযোগ, অনেকেই ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। কেউ কেউ আবার আগের রাত থেকেই অপেক্ষা করছেন, তবুও মিলছে না স্বস্তি।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাবেই এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংকট মোকাবেলায় সরকারের নানা উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

চালকদের ভাষ্য, রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বেড়েছে অন্য পাম্পগুলোতে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে সময় নষ্টের পাশাপাশি যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।

একাধিক চালক জানান, সরকার জ্বালানির পর্যাপ্ত মজুত থাকার কথা বললেও বাস্তবে পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এদিকে কিছু পাম্পে চালু হওয়া ‘ফুয়েল পাস’ অ্যাপও প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বলে অভিযোগ রয়েছে। প্রযুক্তিগত জটিলতার কারণে অনেকেই এই সেবা ব্যবহার করতে পারছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি সরবরাহে সীমাবদ্ধতা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগ জরুরি। অন্যথায় সামনের দিনগুলোতে এই সংকট আরও তীব্র হতে পারে।