নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (বর্জ্য কাপড়) নামানোকে কেন্দ্র করে বিএনপি যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব হোসেন নামে এক যুবক ও ইমরান হোসেন নামে এক মাদরাসা ছাত্র গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব (২২) এবং পথচারী মাদরাসা ছাত্র ইমরান হোসেন (১২)। এছাড়া ইটপাটকেলের আঘাতে খোকা মিয়াসহ আরও অন্তত ৮ জন আহত হন, যাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ নামের একটি পোশাক কারখানার ঝুট নামানো নিয়ে দীর্ঘদিন ধরে যন্দু চলছিল। অভিযোগ রয়েছে, সম্প্রতি যুবদলের অভি-মনির গ্রুপ ওই কারখানা থেকে ঝুট সংগ্রহ করে আসছিল।
বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ এবং বিএনপি নেতা খোকা মিয়া তাদের সমর্থকদের নিয়ে সেখানে ঝুট নিতে গেলে অভি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। গুলিবিদ্ধ অবস্থায় রাকিব ও ইমরানকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ইমরানের বাবা আসমাউল হোসেন জানান, তার ছেলে বুকের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসীর দাবি, কয়েকদিন ধরেই ঝুট নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ এলাকায় অস্ত্রশস্ত্র মজুত করে অবস্থান নিচ্ছিল। সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এলাকাবাসীকে আতঙ্কিত করে তোলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


.












