জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্থ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বরাত দিয়ে জানানো হয়, সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন অনুষ্ঠানস্থল থেকে সরাসরি (লাইভ) সম্প্রচার করছিলেন, তখন আয়োজক কমিটির সদস্যসচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তিনি সালেহীনের কলার ধরে টেনে নিয়ে যান এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন। পরে উপস্থিত অন্যান্য বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। একই সময়ে ‘গ্রিন টিভি’র রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করেন সালেহ উদ্দিন।
বিবৃতিতে সাংবাদিকরা বলেন, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের উগ্র মানসিকতার ব্যক্তিদের এত বড় আয়োজনের দায়িত্ব দেয়া নিয়ে সংশ্লিষ্টদের গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন।












