কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক মুহূর্তেই সব শেষ, উত্তরার আগুনে কুমিল্লার দম্পতি ও শিশুসন্তানের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে একসঙ্গে প্রাণ হারিয়েছেন কুমিল্লার বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০) ও তাদের তিন বছর বয়সী ছেলে কাজী ফায়াজ রিশান।

পরিবারের সদস্যরা জানান, রাব্বীর প্রথম স্ত্রী তিথী প্রায় দুই বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। দীর্ঘদিন মানসিক বিপর্যয়ে কাটানোর পর স্বজনদের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন তিথীর ঘনিষ্ঠ বান্ধবী সুবর্ণাকে। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান রিশান।

নিহত রাব্বী প্রতিদিন অফিসে যাওয়ার সময় শিশুপুত্রকে উত্তরায় নানুর বাসায় রেখে যেতেন এবং কাজ শেষে তাকে ফিরিয়ে আনতেন। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিবারসহ বাসায় অবস্থান করছিলেন তিনি। এই সময়ই তাদের বাসায় আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাব্বীর বাবা কাজী খোরশেদুল আলম এবং মা ফেরদৌস আরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। জানা গেছে, রাব্বীর মা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন এবং সম্প্রতি দেবিদ্বার গার্লস হাইস্কুলে বদলি হয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘীরপাড়ের বাসায় আনা হবে। এরপর পার্শ্ববর্তী দারোগা বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।