পুরোনো ঘুনে ধরা নয়, তরুণ ও জনআকাঙ্ক্ষা রাজনীতির বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা এবার দেখতে চাই না। এবার এটা একবারে বরদাস্ত করবো না।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণার আগে নিজের বক্তব্যে একথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা ৫৪ বছরের রাজনীতির যে ঘুনে ধরা অবস্থা থেকে জাতির যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না যেই রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে। আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না।
তিনি বলেন, দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতিও আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই।












