লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নে চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সদর হাসপাতালে গিয়ে আহতসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলার অভিযোগ এনে পরে রাত সাড়ে ৮টায় দিকে জামায়াতের নেতাকর্মীরা শহরে মিছিল করেছেন। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতারা একে-অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।
এদিকে আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চরশাহী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি হেজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন এবং বিএনপির কর্মী রাসেল ভূঁইয়া, কামাল হোসেন ও রাসেল ভূঁইয়াসহ ১০ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, এক বাড়িতে মহিলা জামায়াতের তালিমকে কেন্দ্র করে বিএনপি নেতা রাসেল ভূঁইয়া ও জামায়াতের যুব বিভাগের নেতা আব্দুর রহমানের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে রাসেল। এ ঘটনায় পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।












