কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরইবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় প্রায় ৪ ঘণ্টা ধরে চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই মধ্যে দুই দিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির খানের সমর্থক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপর মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অপরকে ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে।সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ।