কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে থাকা ডলার আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ কারণে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনার যে পদক্ষেপ নিয়েছে, তা ঠিক আছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ডলার দাম কিছুটা যদি স্থিতিশীল না রাখি তাহলে খারাপ প্রভাব পড়বে।

যারা রেমিট করে তাদের বিষয়টাও দেখতে হবে। কারণ ওরাইতো আমাদের মূল চালিকা শক্তি।
সালেহউদ্দিন বলেন, আমরা ডলার কিনছি সেটা ঠিক। কিন্তু এখন আমাদের কাছে যে ডলার আছে সেটা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না।

ধরেন, দেশে বড় ধরনের কোনো একটা কিছু হলো। তখন দ্রুত যদি কিছু আনতে হয় তখন কি হবে? ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয়, সেটা আপনাদের ভুল ধারণা। তাই সেভ কিছু না থাকলে বিপদ হবে।

তিনি বলেন, এটা আমি টের পেয়েছি যখন আমি ২০০৭-২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলাম তখন।

সে সময় সিডর, আইলা হলো তখন অনেক ঝামেলা হয়েছে। যাই হোক সে সময় আমরা সেটা সামাল দিয়েছিলাম। সুতরাং এসবের জন্য বাংলাদেশ ব্যাংক ঠিক করছে। রিজার্ভটা বিল্ডআপ করা দরকার।