কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যান্সার: উত্তর কোরিয়া

প্রতিবেদক
Cumilla Press
জুন ১৯, ২০২৫ ১:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর মাধ্যমে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সিএনএন এই খবর প্রকাশ করেছে।

মুখপাত্র বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি সুবিধাগুলোতে ইসরাইলের সামরিক হামলা নিয়ে পিয়ংইয়ং গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইসরাইলের এই হামলায় বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ। ইসরাইল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে নতুন করে ব্যাপক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

এছাড়াও, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করছে যে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনপুষ্ট ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সারের মতো। তারা বিশ্ব শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূল কারণ।

তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর কার্যকলাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করছে, যারা ইরানের বৈধ আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সংঘাত আরও বাড়িয়ে তুলছে।

উত্তর কোরিয়ার এই বক্তব্য এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান নিয়ে তার ধৈর্য শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।