কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

প্রতিবেদক
Cumilla Press
মে ২৭, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে আইন বিভাগ। মঙ্গলবার (২৭ মে) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রসায়ন বিভাগকে ১৩৮ রানে বড় ব্যবধানে পরাজিত করেছে তারা।

দুপুর ১টায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইন বিভাগ। নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ২১৭ রান। দলের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন আবু নূরে মুস্তাক। পরে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে রসায়ন বিভাগ। শেষ পর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে ১৫ ওভারে তুলতে পারে মাত্র ৭৯ রান।

চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন আইন বিভাগের আবু নূরে মুস্তাক। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো খেলার সুবাদে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন একই বিভাগের হৃদয় আহমেদ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, “প্রতিযোগিতামূলক পরিবেশে এমন একটি জমজমাট খেলা উপহার দেওয়ার জন্য জয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন। দীর্ঘদিন নানা কারণে আমাদের খেলা বন্ধ ছিল। এখন তা আবার গতি পেয়েছে—এ জন্য ক্রীড়া পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আলী মোর্শেদ কাজেম বলেন, ‘আজকে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হওয়ায় টিম আইন বিভাগকে অভিনন্দন জানাচ্ছি। এটা বিভাগের জন্য অত্যন্ত আনন্দের। পুরা টুর্নামেন্টেই আইন বিভাগ তার নৈপুণ্য প্রদর্শন করেছে। বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল। বিশেষ করে বিভাগের ছাত্র উপদেষ্টার সার্বিক সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সামনের দিনগুলোতে বিভাগের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে বাংলা বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।