কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী কুরবানির ঈদে কমবে লোডশেডিং, থাকবে না যানজট: বিদ্যুৎ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২০, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন পর্যায়ে থাকবে এবং যানজট মুক্ত পরিবেশ বজায় রাখা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেন। এ সময় ঈদ উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

গত রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ইফতার ও সেহরির সময় লোডশেডিং মুক্ত থাকায় অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রশংসা অর্জন করে। এরপর ঈদুল ফিতরের যাত্রাও ছিল সহজ ও সুগম। দীর্ঘ ৯ দিনের ছুটিতে দেশবাসী স্বস্তি ও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করেছে। এবার কুরবানির ঈদেও একই ধারা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে কুরবানির ঈদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, “আমরা আলাদা মন্ত্রণালয় নয়, একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করেছি।”

সায়েদাবাদ বাস টার্মিনালের উদাহরণ টেনে তিনি বলেন, “সায়েদাবাদ টার্মিনাল আগে অপরিচ্ছন্ন ও অগোছালো ছিল, যা একটি বড় প্রস্রাবখানার মতো দেখাত। আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ঈদযাত্রার উপযোগী করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ এলাকায় না গিয়ে মাঠ পর্যায়ে তদারকি করেছেন, যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কুরবানির ঈদেও লোডশেডিং কম থাকবে এবং যানজট মুক্ত থাকবে। ইনশাআল্লাহ, এবারের ঈদুল আজহাও হবে সুন্দর ও সুশৃঙ্খল।”

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিনউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।