কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশকে টেনে যা বললেন এনজো

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৬, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ব্রাজিলের তারকা রাফিনিয়ার হুংকার এবার উল্টো ফলেছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে আমরা আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেব।’ কিন্তু বাস্তবে তার সেই কথার প্রতিধ্বনি শুনল ব্রাজিল নিজেরাই। আর্জেন্টিনা দাপুটে ব্যবধানে জয় পেয়ে রাফিনিয়ার দাবিকে মিথ্যা প্রমাণ করেছে। আর এই জয়ের পর বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

ম্যাচ শেষে ফেসবুকে একটি পোস্টে এনজো লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, বাংলাদেশ। এই জয়টিও তোমাদের।’ আরেক পোস্টে তিনি রাফিনিয়াকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘পরের বার বিনয়ী থাকো, রাফিনিয়া!’

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের আবেগ সবসময়ই তুঙ্গে। লাতিন আমেরিকা বা ইউরোপের মাঠে যখন আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই হয়, বাংলাদেশেও সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়। আর্জেন্টিনার খেলোয়াড়রাও বাংলাদেশি ভক্তদের এই ভালোবাসা সম্পর্কে জানেন। এনজো ফার্নান্দেস প্রায়ই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন। এবারও ব্রাজিলকে হারানোর পর তিনি বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে পোস্ট সাজিয়েছেন।

বুধবার বুয়েনস আইরেসে লিওনেল স্কালোনির দল ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করেছে আর্জেন্টিনা, যার ফলে তারা দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, ব্রাজিল এখনো শঙ্কায়—৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন এই দল ২১ পয়েন্ট নিয়ে টেবিলে অনিশ্চিত অবস্থানে রয়েছে।

২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার পর, ব্রাজিল এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৪ গোল খেয়েছে। আর লাতিন আমেরিকার কোনো দলের বিপক্ষে ৪ গোল হজম করার ঘটনা ঘটল শেষবার ১৯৮৭ সালের কোপা আমেরিকায়।

এই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাথিয়াস কুনিয়া।