ডেস্ক রিপোর্ট:
সৌদি আরব সরকার হজযাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে সোমবার (২৪ মার্চ) এ ঘোষণার কথা জানানো হয়েছে।
সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নাগরিক ও হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিসের টিকা সনদ সঙ্গে রাখতে হবে। সৌদি আরবে প্রবেশের সময় যদি কোনো যাত্রী টিকার প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হন, তাহলে তাকে ফেরত পাঠানো হতে পারে।
ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টিকা না নিলে বা সনদ না থাকলে কোনো যাত্রীকেই হজ করতে অনুমতি দেওয়া হবে না।”
এছাড়া, হজযাত্রীদের জন্য ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের “সেহহাটি” অ্যাপের মাধ্যমে টিকাদানের অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুরোধও জানানো হয়েছে।
এই পদক্ষেপগুলোর মাধ্যমে সৌদি সরকার হজ মৌসুমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে।











