কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পাচার হওয়া টাকা ফেরাতে হচ্ছে বিশেষ আইন’

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১১, ২০২৫ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

এ বছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশ কোটি ডলার ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ লক্ষ্যে একটি বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পাচার হওয়া অর্থের একটি বড় অংশ ফেরত আনার চেষ্টা চলছে। বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করা যায়, এ বছরের মধ্যেই কয়েকশ কোটি ডলার ফেরত আনা সম্ভব হবে।’

কয়েকশ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করা হচ্ছে—এটা কি সম্ভব? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এটা সম্ভব। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ১১-১২ জন ব্যক্তি ২০০ কোটি টাকারও বেশি অর্থ পাচার করেছেন। তাদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে আমরা এ অর্থ ফেরত আনতে পারব বলে আশা করছি।’

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘পাচারকৃত অর্থ ফেরত আনতে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। এজন্য একটি বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হবে।’

আগামী মাসেই এ বিষয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।